২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ও বগুড়ার কাহালু উপজেলায় সড়ক দুর্ঘটনায় চার ব্যক্তির মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধি

চাঁদপুর/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 05:55 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

শাহরাস্তি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কাহালু উপজেলায় মারা গেছেন দুই মোটরসাইকেল আরোহী।

সোমবার গভীর রাতে শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে দুর্ঘটনায় নিহতরা হলেন- হাজীগঞ্জ উপজেলার পাটওয়ারীর বাড়ির শের আলীর ছেলে মো. জসিম (৫০) ও অটোরিকশাচালক শাহরাস্তি উপজেলার সূচীপাড়া এলাকার জাফর মোল্লার ছেলে মনির মোল্লা (২৪)।

শাহরাস্তি থানার ওসি মোজাম্মেল হক মামুন সাংবাদিকদের জানান, চাঁদপুরের হাজীগঞ্জ থেকে বালুভর্তি ট্রাক্টরটি কুমিল্লা যাচ্ছিল। রাত সাড়ে ১১টায় উয়ারুক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাক্টরটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই জসিম মারা যান। চালক মনিরকে প্রথমে আলীগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ সময় আহত অটোরিকশার যাত্রী আলমগীর (৩০) ও  সুমনকে (২২) হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি মোজাম্মেল।

বগুড়া সংবাদদাতা জানান, সোমবার রাত ১০টার দিকে কাহালু উপজেলার বগুড়া-নওগাঁ সড়কের কালিয়ারপুকুর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

এরা হলেন- মোটরসাইকেল আরোহী বগুড়ার শেরপুর উপজেলার খলিলুর রহমান (৩৮) ও ধুনট উপজেলার ধামাচামা গ্রামের আব্দুল হামিদের ছেলে আবু সালেক তরুণ (৩০)।

বগুড়ার কাহালু থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনায় খলিলুরের ১০ বছর বয়সের এক ছেলেও আহত হয়েছে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।