২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে বন্ধ দূরপাল্লার গাড়ি

হরতালে রাজধানীতে নগর পরিবহনের গাড়ি চলাচল করলেও দূরপাল্লার কোনো গাড়ি ছাড়ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 04:09 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

Image
বেশিরভাগ কাউন্টারই বন্ধ রয়েছে

বেশিরভাগ কাউন্টারই বন্ধ রয়েছে

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতাল শেষে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে দূরপাল্লার গাড়ি ছেড়ে যাবে বলে বাস কাউন্টারের লোকজন জানিয়েছেন।

গাবতলি, মিরপুর-১, মিরপুর-১২ ও মিরপুর-১৪ নম্বর সেক্টর থেকে মঙ্গলবার সকাল থেকে সিটি পরিবহনের গাড়ি রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করছে। বিআরটিসির বাসও চলতে দেখা গেছে।

মঙ্গলবার সকালে গাবতলি বাস টার্মিনালের ঈগল পরিবহনের স্টেশন মাস্টার বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যার পর থেকে দুরপাল্লার গাড়ি চলাচল শুরু করবে। হরতালে কোনো পরিবহনের দূরপাল্লার গাড়িই চলছে না।

মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় বেশিরভাগ কাউন্টারই বন্ধ রয়েছে। এই স্টেশন থেকেও দূরপাল্লার কোনো গাড়ি ছাড়ছে না।

একটি বাসের চালকের সহকারী সাইফুল ইসলাম বলেন, "হরতালে গাড়ি বের করতে মালিকের মানা আছে।"

লঞ্চ চলাচল মোটামুটি স্বাভাবিক আছে জানিয়ে বাংলাদেশ আভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর হুমায়ূন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টা পর্যন্ত সদরঘাট থেকে ৮টি লঞ্চ ছেড়ে গেছে, এসেছে ৪৫টি।

ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

হরতালে সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে র‌্যাব-পুলিশের টহল লক্ষ্য করা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছে পুলিশ।