২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মিছিল, হাতবোমা বিস্ফোরণ

বিএনপি নেতৃত্বাধীন জোটের ৩৬ ঘণ্টা হরতালের শুরুতে সিলেটে বিচ্ছিন্নভাবে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 03:25 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মঙ্গলবার সকাল ৬টায় নগরীর পাঠানটুলা এলাকায় ঝটিকা মিছিল বের করে শিবিরকর্মীরা।

এ সময়  তারা টায়ার জ্বালিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করে এবং কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সকাল সাড়ে ৭টার দিকে জিন্দাবাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে জেলা ও মহানগর বিএনপি।

ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও ওই এলাকায় হরতালের সমর্থনে আলাদা মিছিল করে।

নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও টহল দিচ্ছেন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার রেজাউল করিম জানান, সকালের প্রথমভাগে তিন ঘণ্টায় নগরীর কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি।

হরতালে নগরীতে ভারী যানবাহন চলাচল না করলেও রিকশা ও অটোরিকশা চলাচল করছে।

সকালে সিলেট শহর থেকে দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা যায়নি।

তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ।