২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের ৭টি মুলতবি প্রস্তাব নাকচ

জাতীয় সংসদের চলতি অধিবেশনে বিরোধী দলের সাতটি মুলতবি প্রস্তাব নাকচ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

সোমবার মাগরিবের নামাজের বিরতির পর কার্যপ্রণালীর ৬২ বিধিতে দেয়া এসব নোটিস নাকচ করেন সভাপতিমণ্ডলীর সদস্য খান টিপু সুলতান।

এসময় টিপু সুলতান জানান, সাতটি প্রস্তাবের মধ্যে ছয়টি জমা দিয়েছেন বিএনপির এএম মাহবুব উদ্দিন খোকন এবং একটি জমা দিয়েছেন শাম্মী আক্তার।

স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের মধ্য থেকে গঠিত একটি প্যানেলের সদস্যদের মধ্য থেকে কোনো একজনের অধিবেশন পরিচালনার বিধান রয়েছে। এই প্যানেলকে সভাপতিমণ্ডলী হিসেবে পরিচিত।

সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, “বিরোধী দলের সদস্য সংসদ অধিবেশনে অনুপস্থিত। তারা থাকলে আলোচনাসাপেক্ষে গুরুত্বপূর্ণ নোটিসগুলো সংসদে আলোচনার জন্য গ্রহণ করা যেত।”

“মুলতবি প্রস্তাবগুলো গ্রহণ করা গেল না বলে আমি দুঃখিত,” বলেন টিপু সুলতান।

কার্যপ্রণালী বিধি অনুযায়ী সাম্প্রতিক এবং জরুরি জনগুরুত্বসম্পন্ন কোনো বিষয়ে আলোচনার জন্য সংসদের কাজ মুলতবি রেখে আলোচনার নোটিস দিতে পারেন সাংসদরা।