আরও দীর্ঘ হরতালের হুমকি বিএনপির
নির্দলীয় সরকারের দাবি না মানলে আগামীতে হরতালের সময়সীমা আরও বাড়তে পারে বলে হুমকি দিয়েছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু।
সোমবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের চেয়ারপারসনের এই উপদেষ্টা
হরতালের আগে পুলিশের কথিত মারমুখী আচরণে ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার যদি ৩৬ ঘন্টার হরতালে আমাদের দাবি অনুধাবন করতে পারে, তাহলে ভালো। নইলে আমরা অতীতে দেখেছি, টানা ৭২ ঘন্টাও হরতাল হয়েছে।
“আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পথ অনুসরণ করলে এটা ১৭৩ দিনও হতে পারে। আন্দোলন সফল করার জন্য রিদম অনুযায়ী এই হরতাল চলতে থাকবে।’’
হরতালের অাগে ঢাকা, কুমিল্লা, পিরোজপুরসহ বিভিন্ন স্থানে পুলিশ বিরোধী দলের নেতাকর্মীদের ধড়পাকড় করছে বলেও অভিযোগ করেন দুদু।
আটক নেতাদের মুক্তি ও নির্দলীয় সরকারের দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘন্টার হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়। এতে হরতালপূর্ব পরিস্থিতি তুলে ধরা হয়।
শামসুজ্জামান দুদু দাবি করেন, সরকার ‘অসহিষ্ণু’ হয়ে পড়েছে। ১৮ দলের ডাকা ‘শান্তিপূর্ণ’ হরতাল কর্মসূচির আগেই পুলিশ ‘মারমুখী’ আচরণ করছে। দলীয় কার্যালয়ে প্রবেশে আজ (সোমবার) নেতাকর্মীদের বাধা দিচ্ছে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, গতকাল (রোববার) আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্য বলেছেন, ‘নির্দলীয় সরকার আর আসবে না।’ তিনি ১/১১-এর সময়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তার স্মৃতি বিভ্রাট ঘটেছে কি না জানি না। তার দল ও নেত্রী ১৭৩ দিন হরতাল ও টানা ২২ দিন অবরোধ কর্মসূচি, গান পাউডার দিয়ে মানুষ হত্যার মধ্য দিয়ে নির্দলীয় সরকারের দাবি প্রতিষ্ঠা করেছিলেন। ওই নির্দলীয় সরকারই চারটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। এটা সময়ের বাস্তবতা।’’
দুদু জানান, কুমিল্লার তিতাস থানার শাহপুর এলাকায় আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ হামলায় দলের স্থানীয় নেতা দেলোয়ার নিহত ও ৩৫ জন আহত হয়েছে। নয়া পল্টনের কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিলে পুলিশি ‘হামলা’ চালায়।
তিনি এও দাবি করেন, ছাত্রদলের মিছিলে পুলিশের গুলিতে যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি ও আলমগীর হোসেন সোহান ও প্রচার সম্পাদক মনিরুজ্জামান রেজিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে আর জানানো হয়, হরতালের সমর্থনে রাজধানীর আবুজর গিফারি কলেজের লোকমান হোসেন, জাহিদ, পিরোজপুর জেলা ছাত্রদলের ইমরান আহমেদ সজীব ও স্বেচ্ছাসেবক দলের হাফেজ ওয়াছেক বিল্লাহসহ কয়েজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম, সহ দপ্তর সম্পাদক এস কে সাদী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আক্রামুজ্জামান টোকন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুল হাসান, দপ্তর সম্পাদক নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
