২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানায় সংগঠন করার সুযোগ বাড়ছে

জিএসপি সুবিধা ধরে রাখতে কারখানায় শ্রমিকদের সংগঠন করার সুযোগ বৃদ্ধির পাশাপাশি কর্মীদের অধিকার নিশ্চিত করতে আইন সংশোধন করছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 12:50 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

বড় প্রতিষ্ঠানগুলোতে সিবিএ এবং ছোট প্রতিষ্ঠানগুলোতে ‘পার্টিসিপেটিরি কমিটি’ করার বিধান রেখে ২০০৬ সালের ‘বাংলাদেশ শ্রম আইন’ সংশোধনের প্রস্তাবে মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে ।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পায়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা (জিএসপি) সুবিধা বহাল রাখতে, শ্রমিকদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা এবং তাদের গ্র্যাচুইটি সুবিধা বৃদ্ধি, স্বাস্থ্য সেবা, শ্রমিক অধিকার নিশ্চিত করতেই এ সংশোধন।

“বর্তমান আইনে ট্রেড ইউনিয়নের নামের তালিকা মালিকপক্ষকে সরবরাহ করতে হত এবং এর ফলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে, তবে নতুন সংশোধন করার পর এ আইনে নামের তালিকা মালিকপক্ষকে দিতে হবে না।”

বর্তমান আইনে শ্রমিকদের চাকরির বয়স এক বছর পূর্ণ হলে এক মাসের বেতনের সমান গ্র্যাচুইটি দেওয়া হয়। নতুন আইন পাস হলে ১৫ বছরের বেশি সময় ধরে একটি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা প্রতি বছর দেড় মাসের বেতনের সমান গ্র্যাচুইটি পাবেন।

কোনো প্রতিষ্ঠানে ৫ হাজারের বেশি শ্রমিক কর্মরত থাকলে সেখানে স্বাস্থ্য সেবার জন্য ক্লিনিক রাখা বাধ্যবাধকতার কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনে। শ্রমিক সংখ্যা এর কম হলেও স্বাস্থ্য সেবার বিকল্প ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

বাংলাদেশি পণ্যের ক্রেতা প্রধান দেশগুলো শ্রমিকদের সংগঠন করার অধিকার ও কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে জোর দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা (জিএসপি) বহাল রাখার ক্ষেত্রেও এসব বিষয়ে চাপে ছিল সরকার।  

সচিব বলেন, “শ্রমিকরা যে পরিবেশে কাজ করবে সেই পরিবেশের জন্য ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থা- যেমন বৈদ্যুতিক নিরাপত্তা, প্রতিবন্ধকতা ছাড়া বর্হিগমন পথ ও সিঁড়ি নিশ্চিত করার বিধানও রাখা হচ্ছে সংশোধিত আইনে।”

প্রস্তাবে গার্মেন্ট শ্রমিকদের কল্যাণ তহবিল করতে আলাদা বিধিমালার করার কথা বলা হয়েছে। এ জন্য আলাদা একটি বোর্ড গঠন করা হবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

আর এ আইন অমান্য করলে লেবার কোর্ট, জেলা ম্যজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট কোর্টে এর বিচার হবে।

কোনো প্রতিষ্ঠানে এই আইন লংঘনের তদন্তে বাধা দেওয়া হলে ৬ মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানারও বিধান রাখা হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।