সেতু ভেঙে সিলেট-কোম্পানীগঞ্জ যোগাযোগ বন্ধ
পাথরবোঝাই ট্রাক নিয়ে সেতু ভেঙে পড়ায় কোম্পানীগঞ্জ উপজেলা সদরের সঙ্গে সিলেটের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সোমবার সকালে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বিকল্প বর্ণি সেতুটি ভেঙে যায়। এতে সেতুর উভয় দিকে শত শত গাড়ি আটকা পড়েছে।
গত বছরের ১৫ জুলাই ছয়টি পাথরবোঝাই ট্রাকসহ মূল বর্ণি সেতুটি ভেঙে পড়ে তিনজন নিহত হয়। মূল সেতুর নির্মাণ কাজ শুরু হলে বিকল্প এই সেতু দিয়েই যানবাহন চলাচল করছিল।
দুর্ঘটনার খবর পেয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান প্রকৌশলী একরাম উল্লাহ ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউএনও মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, সকালে ভোলাগঞ্জ থেকে পাথরবোঝাই ট্রাকটি বিকল্প সেতুতে ওঠার পরপরই ভেঙে পড়ে।
বিকল্প সেতুটি মেরামত করে যান চলাচলের উপযোগী করা কষ্টকর ও সময়সাপেক্ষ। এ কারণে মূল বর্ণি সেতুটির কাজ প্রায় শেষ হয়ে যাওয়ায় ৪৮ ঘণ্টার মধ্যে তা খুলে দিতে সওজের প্রধান প্রকৌশলীকে অনুরোধ করা হয়েছে।
ইউএনও আরও বলেন, আশা করা যায় এ সময়ের মধ্যে মূল সেতুটি খোলে দেওয়া যাবে।
