২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেড হামলা মামলা: মুফতি হান্নানের আবেদন খারিজ

২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় জবানবন্দি গ্রহণকারী একজন বিচারকের দেওয়া সাক্ষ্য প্রত্যাহার সংক্রান্ত মুফতি হান্নানের একটি আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 12:30 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

সোমবার বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি মো. ফারুকের (এম ফারুক) বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনজুর কাদের। আবেদনকারীর পক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার ফখরুল ইসলাম।

গত বুধবার এই আবেদনের উপর শুনানি শেষে সোমবার আদেশের জন্য দিন রাখা হয়।

আদেশের পর মনজুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট পরে এই মামলায় সাক্ষ্য দেন। মুফতি হান্নান এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি অস্বীকার করে ওই সাক্ষ্য বিচার প্রক্রিয়া থেকে বাদ দিতে বিচারিক আদালতে দুটি আবেদন করেন। সেখানে উভয় আবেদন খারিজ হয়ে যায়।

“এরপর মুফতি হান্নান উভয় আবেদনের বিপরীতে হাই কোর্টে রিভিশন দায়ের করেন। আজ (সোমবার) আদালত ওই আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে।”

আবেদনকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নান ২০০৭ সালে একটি জবানবন্দি দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ দাবি করছে, তিনি ২০১১ সালে আরেকটি জবানবন্দি দিয়েছেন।

তিনি আরও বলেন, এছাড়া মুফতি হান্নান এই বিচারকের কাছে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় জবানবন্দি দিয়েছিলেন। হত্যা মামলায় কোনও জবানবন্দি তিনি দেননি। কিন্তু রাষ্ট্রপক্ষ তার ওই জবানবন্দি হত্যা মামলায় ব্যবহার করছে।

“ওই জবানবন্দির ভিত্তিতে ম্যাজিস্ট্রেট তার [মুফতি হান্নান] বিরুদ্ধে সাক্ষ্য দেন। বিচারিক আদালতে এই সাক্ষ্য বাদ দিতে আমরা আবেদন করেছিলোম। যা খারিজ হওয়ার পর হাই কোর্টে এসেছি। আজ হাই কোর্টও উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে। মক্কেলের নির্দেশনা পেলে আমরা আবেদনটি অন্য কোনো আদালতে নিয়ে যাব।”

২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি ওই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার সাক্ষ্যের বৈধতা নিয়ে আসামি পক্ষের আবেদন খারিজ করে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন।

বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া তার জবানবন্দিতে বলেন, ‘২০১১ সালের ৭ এপ্রিল মুফতি হান্নানের ৬ পৃষ্ঠার স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করি। ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত সব নিয়ম মেনেই আমি হান্নানের জবানবন্দি গ্রহণ করি।’

২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় দলীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন আরও অনেকে।

ওই ঘটনার পর মতিঝিল থানায় একটি মামলা করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় হত্যার ঘটনায় একটি এবং বিস্ফোরক আইনে আরেকটি মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ নেতা হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দেয় সিআইডি।

২০০৯ সালের ২৫ জুন রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের আবেদন করে। ওই আবেদনের  পরিপ্রেক্ষিতে আদালত তিন দফা শুনানি শেষে ২০১০ সালের ২১ অগাস্ট অধিকতর তদন্তের নির্দেশ দেয়।

হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় ২০১১ সালের ৩ জুলাই দুটি সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি।

এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, হারিছ চৌধুরী, লুৎফুজ্জামান বাবর এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ নতুন ৩০ জনকে আসামি করা হয়।