২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের দুই নেতা গ্রেপ্তার

বিএনপি-জামায়াত জোটের হরতালের আগের দিন ইসলামী ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 09:30 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সোমবার দুপুরে মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

তারা হলেন- কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মোবারক হোসেন এবং শিক্ষা বিষয়ক কমিটির সদস্য রাসেল আহমেদ।

অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মোবারক সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে গিয়ে হরতালের নামে নাশকতা সৃষ্টির জন্য সংগঠনের নেতাকর্মীদের উৎসাহিত করছিল বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেলা সাড়ে ১২টার দিকে আদাবরের শেখেরটেকের ২৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে মোবারক ও রাসেলকে গ্রেপ্তার করা হয়।

ওই বাড়ি থেকে কিছু পুস্তিকা, প্রচারপত্র ও কম্পিউটার জব্দ করেছে র‌্যাব।

গ্রেপ্তার মোবারকের বাড়ি কুমিল্লা এবং রাসেলের বাড়ি দিনাজপুরে। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে।

মোহাম্মদপুর থানা এলাকা থেকেই গত ৩১ মার্চ শিবিরের সভাপতি দেলওয়ার হুসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মতিঝিল ও মিরপুর থানায় দায়ের করা পৃথক দুই মামলায় তাকে আরো তিন দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতিও  সোমবার পেয়েছে পুলিশ।

ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান ও এরফান উল্লাহ বিকালে রিমান্ডের এই আদেশ দেন। মতিঝিল থানার মামলায় ১০ দিন এবং মিরপুর থানার মামলায় ৫ দিন দেলওয়ারকে হেফাজতে চেয়েছিল পুলিশ।

এছাড়া রমনা থানায় দায়ের করা একটি মামলায় দেলওয়ারকে আরো ১০ দিন রিমান্ডে চেয়ে গত রোববার আবেদন করে পুলিশ। এর শুনানি হবে আগামী ৫ মে।