বরিশালে স্কুলছাত্রের লাশ উদ্ধার
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে স্বজনরা।
সোমবার সকালে উপজেলার ঘোড়ার পাড় এলাকার একটি পুকুর থেকে স্কুলছাত্র শুভ কীর্তনিয়ার (৯) লাশ উদ্ধার করা হয়।
শুভ এলাকার শংকর কীর্তনিয়ার ছেলে। সে নগর বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
নিহতের চাচা খোকন কীর্তনিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুরে এলাকায় সার্কাসের দুটি হাতি নিয়ে এসেছিল মাহুতরা। শুভ শিশুদের সঙ্গে খেলতে খেলতে হাতির পিছনে যায়।
এরপর থেকে তার কোন খোঁজ ছিল না। সকালে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেছে।
খোকনের ধারণা, হাতির পিছনে ছুটতে গিয়ে পা পিছলে শুভ হয়তো কোন একসময় সবার অলক্ষ্যে পুকুরে পড়ে যায়।
আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিদের সিদ্ধান্তে পরিবারের সদস্যরা লাশ বাড়ি নিয়ে গেছে।
