২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১২

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কুমিল্লার তিতাস উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১২ জন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 05:41 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে আওয়ামী লীগ নেতা শাহ আলম শান্তি ও বিএনপি সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া সরকারের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

তিতাস থানার ওসি নবীর হোসেন জানান, নিহত দেলোয়ার হোসেন দেলু (৪২) শাহপুর গ্রামের রজব আলীর ছেলে। গুলিবিদ্ধ ১২জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে সোমবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে পুলিশ ও র‌্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সাংবাদিক নাজমুল করিম ফারুক জানান, শাহ আলম শান্তি ও ফারুক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। গত দুইবছর এই দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে।

রাতে গ্রামবাসী দুইভাগে বিভক্ত হয়ে টোটা, বল্লম, দা, ছোরা, বাঁশের লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। পরে দাউদকান্দি ও তিতাস থানা পুলিশ এবং র‌্যাব সদস্যরা এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গ্রামবাসী জানান, শাহপুর গ্রামের সাবেক চেয়ারম্যান ফারুক মিয়া সরকার, আলী আকবর ও শাহ আলম শান্তি পরস্পরের নিকটাত্মীয়। জায়গা-জমি নিয়ে দীর্ঘ দিন ধরে এই তিন পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে।

এদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন বিএনপি ও প্রতিপক্ষ শাহ আলম শান্তি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। আলী আকবর বিএনপি করলেও সম্প্রতি তিনি আওয়ামী লীগের শান্তি গ্রুপে যোগ দেন। এ নিয়ে বিরোধ তুঙ্গে উঠে।

এর আগে গত বছর ২৭ জুলাই দুই পক্ষের সংঘর্ষে ৫ পুলিশসহ ২৫ জন আহত হয়। তার দুদিন পর ২৯ জুলাই বিকেলে শাহপুর বাজারে ফের সংঘর্ষে জড়ায় ফারুক ও শান্তির অনুসারীরা। তখন অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয়।

এরপর গত ১ সেপ্টেম্বর এই দুই পক্ষের সংঘর্ষে ২১ জন গুলিবিদ্ধসহ ৩৬ জন আহত হয়।