দ্রুতগতির বাস-লেন প্রকল্পের কাজ শুরু শিগগিরই
দ্রুতগতির বাস চলাচলের জন্য ২০ কিলোমিটার দীর্ঘ বিশেষ লেন প্রকল্পের কাজ শিগগিরই শুরু হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বৃহত্তর ঢাকা টেকসই নগর পরিবহন প্রকল্পের কাজ আগামী ২০১৬ সালের মধ্যে শেষ হবে বলেও জানান তিনি।
রোববার সড়ক ভবনে প্রকল্প বাস্তবায়নে পরামর্শক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানান মন্ত্রী।
প্রকল্পের আওতায় নিদিষ্ট সময়ে গুণগত মান ও আর্থিক বরাদ্দের মধ্যে সীমাবদ্ধ রেখে সামগ্রিকভাবে বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) লাইন প্রকল্প বাস্তবায়নে সহায়তা দিতেই পরামর্শক প্রতিষ্ঠান গ্রুপের সঙ্গে ২৭ কোটি ৫ লাখ টাকার এ চুক্তি করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর এবং পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে এসএমইসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি জন থর্প এ চুক্তিতে সই করেন।
পরামর্শক প্রতিষ্ঠানের গ্রুপে রয়েছে ফান্সের সিস্ট্রা এসএ, অস্ট্রেলিয়ার ব্রিসবেন সিটি এন্টারপ্রাইজ, বাংলাদেশের এসিই কনসালট্যান্ট লিমিটেড ও পাথমার্ক অ্যাসোসিয়েটস লিমিটেড।
ওবায়দুল কাদের জানান, প্রকল্পে ২ হাজার ৩৯ কোটি ৮৫ লাখ টাকার মোট ব্যয়ের মধ্যে প্রকল্প সাহায্য থেকে যোগান দেয়া হবে ১ হাজার ৬৫০ কোটি ৭০ লাখ টাকা আর সরকার যোগান দেবে ৩৮৯ কোটি ১৫ লাখ টাকা।
এর মধ্যেই উন্নয়ন সহযোগী সংস্থা এডিবির সঙ্গে ১৬ কোটি ও এএফডির সঙ্গে ৪ কোটি ৫০ লাখ ডলারের ঋণচুক্তি এবং জিইএফ-এর সঙ্গে ৪ কোটি ৬০ লাখ ডলারের অনুদান চুক্তি সই হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় সাড়ে ৪ কিলোমিটার চার লেনবিশিষ্ট এলিভেটেড বাস লাইন নির্মাণসহ ২০ কিলোমিটার ডেডিকেটেড বাস লাইন নির্মাণ, আট লেনবিশিষ্ট টঙ্গী সেতু পুনর্নির্মাণ, ৫০টি আর্টিকুলেটেড বাস সংগ্রহ, সাতটি ফ্লাইওভার নির্মাণ, দুটি বাস টার্মিনাল নির্মাণ (গাজীপুর ও বিমানবন্দর) এবং গাজীপুরে ছয়টি মার্কেটের উন্নয়ন ও দুদিকে ২০ কিলোমিটার ফুটপাত নির্মাণের কাজ করা হবে।
