হাসনাত আবদুল হাইয়ের গ্রেপ্তার চেয়ে রিট
শাহবাগের আন্দোলনকারী নারীদের নিয়ে লেখা গল্পের মাধ্যমে ‘ঘৃণা’ উস্কে দেয়ার অভিযোগে লেখক হাসনাত আবদুল হাইকে গ্রেপ্তারের নির্দেশনা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।
রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়েরের পর অধ্যাপক মো. অহিদুজ্জামান শুনানির জন্য বিচারপতি কাজী রেজা-উল হক ও এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চে হাজির হন।
কোনো আইনজীবী ছাড়া নিজেই এই রিট শুনানির জন্য আদালতের অনুমতি চান তিনি। বিকালে দুই বিচারপতি আদালত ত্যাগ করার আগে তাকে মামলা পরিচালনার অনুমতি দেয়া হয়।
আইনের সাবেক শিক্ষার্থী অহিদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তিনি।
রিট আবেদন দায়েরের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অহিদুজ্জামান বলেন, আবেদনটি সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও এবিএম আলতাফ হোসেনের বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় আসবে।
তার আবেদনে বলা হয়, ১৪ এপ্রিল প্রথম আলোর বাংলা নববর্ষ সংখ্যায় ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ শিরোনামে ওই গল্পের মধ্যে দিয়ে দাঙ্গা-হাঙ্গামা ও ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছেন হাসনাত আবদুল হাই। তার লেখা ওই গল্পের কারণে শাহবাগ আন্দোলনে সম্পৃক্ত নারী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বিব্রত হতে পারেন।
রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার জেলা প্রশাসক, ধানমন্ডি জোনের সহকারী কমিশনার, ধানমন্ডি থানার ওসি, জেলা ম্যাজিস্ট্রেট ও হাসনাত আব্দুল হাইকে বিবাদী করা হয়েছে।
বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ৩ ধারা অনুসারে হাসনাত আব্দুল হাইকে গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ঢাকার জেলা প্রশাসক ও ধানমণ্ডি জোনের সহকারী কমিশনারের প্রতি নির্দেশনা চাওয়া হয় আবেদনে।
পাশাপাশি দণ্ডবিধির ১৫৩(এ), ৫০৪, ৫০৫ ও ৫০৯ ধারা অনুসারে সংগঠিত অপরাধের জন্য তাকে আটক করে বিচারের মুখোমুখি করতেও বিবাদীদের প্রতি নির্দেশনা চান আবেদনকারী।
একইসঙ্গে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ৩ ধারা অনুযায়ী কেন তাকে গ্রেপ্তারের নির্দেশ কেন দেয়া হবে না- মর্মেও রুল চাওয়া হয় এতে।
ওই ঘটনায় লেখককে নিজের ভূমিকা ব্যাখ্যা করতে হাই কোর্টে হাজির হওয়ার নির্দেশনাও চান তিনি।
আবেদনে বলা হয়, ওই লেখার মাধ্যমে লেখক সব নারীকে, বিশেষ করে একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনে অংশগ্রহণকারী নারীদেরকে অপমান করেছেন।
এর মাধ্যমে লেখক সমাজে সন্ত্রাস, ঘৃণা, বিদ্বেষ ও দাঙ্গা ইত্যাদিতে উস্কানি প্রদান করেছেন, যা সমাজের শান্তি-শৃঙ্খলার প্রতি হুমকিস্বরূপ বলে মনে করেন আবেদনকারী।
এতে বলা হয়, “তিনি এই ধরনের অপরাধ করলেও স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ঢাকার জেলা প্রশাসক, ধানমণ্ডি জোনের সহকারী কমিশনার ও ধানমণ্ডি থানার ওসি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
“এই লেখার মাধ্যমে লেখক দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনের অনেক ধারায় অপরাধ করেছেন।”
গল্পের কাহিনী পুরোটাই ‘কল্পনাপ্রসূত’ বলেও উল্লেখ করা হয় রিট আবেদনে।
হাসনাত আবদুল হাই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী টিএসসিতে প্রথম আলোর কপিতে আগুন ধরিয়ে দিয়ে প্রতিবাদ জানায়।
গল্পটিতে শাহবাগ আন্দোলনকারী নারীদের ‘অমর্যাদাকরভাবে উপস্থাপন’ করা হয়েছে- এমন অভিযোগ আসে শাহবাগের আন্দোলনকারীদের মধ্য থেকেও।
তীব্র সমালোচনার মধ্যে প্রথম আলো কর্তৃপক্ষ গল্পটি প্রত্যাহার করে নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়। লেখক নিজেও ক্ষমা চেয়ে এক বিবৃতিতে বলেন, গল্পটি তিনি অন্য কোথাও অন্তর্ভুক্ত করবেন না।
