২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণতন্ত্র ছাড়া সব ক্ষেত্রে অগ্রগতি বিস্ময়কর’

স্বাধীনতার পর সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা ছাড়া আর সব ক্ষেত্রেই বাংলাদেশে বিস্ময়কর অগ্রগতি এসেছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 05:14 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত জাতীয় লোকজ উত্সবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আকবর আলি বলেন, “বাংলাদেশ ব্যাপকভাবে বদলে যাচ্ছে। এটা ঘটছে আমাদের মতো কোর্ট-প্যান্টধারী শিক্ষিত মানুষদের জন্য নয়। এটা ঘটছে সেই মানুষদের জন্য যারা দেশে দেশে ছড়িয়ে আছে। যারা মরুভূমিতে ফসল ফলাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। এর মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছে।”

“আমাদের এই উন্নয়ন ঘটছে সেই নারীদের জন্য, যারা এ দেশের পোশাকখাতে কর্মরত আছে। সেই কৃষকদের জন্য যারা এখন প্রতি বছর সাড়ে তিন কোটি মেট্টিক টন খাদ্য উত্পাদন করছে, যেখানে ১৯৭০ সালে আমাদের খাদ্য উত্পাদন ছিল এক কোটি মেট্টিক টন।”

“সেই সময় কেউ যদি আমাকে বলতো, ৪০ বছর পর এ দেশের খাদ্য উত্পাদন সাড়ে তিন কোটি মেট্টিক টন হবে কি-না তাহলে আমিও এটাকে অসম্ভবই বলতাম। কিন্তু আমাদের কৃষকরা সেই অসম্ভবকে সম্ভব করেছে।

“এত কিছুর পরও আমরা যেটা করতে পারছি না সেটা হচ্ছে, সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে পারছি না। গণতন্ত্র ছাড়া আর সব ক্ষেত্রে আমাদের বিস্ময়কর অগ্রগতি হয়েছে। গণতন্ত্রে অগ্রগতি করতে চাইলে এই জন্য আমাদের নিজস্ব সংস্কৃতিতে যেতে হবে। আমাদের সংস্কৃতিতে গেলে, তার মূলে গেলে তখন আমরা এক হতে পারবো। আমার বিশ্বাস আমাদের সংস্কৃতিতে গেলে আমরা কেবল আমাদেরই সমৃদ্ধ করবো না, বরং বিশ্বেও আরো ব্যাপক ভূমিকা রাখতে পারবো।”

সার্ক কালচারাল সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে তিনজন শিল্পীকে সম্মাননা দেয়া হয়। তারা হলেন- বাবু সনত কুমার, লুতু সরকার ও বীণা মজুমদার।

উদ্বোধনী অনুষ্ঠানের পর দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীরা গান পরিবেশন করেন।