পঞ্চগড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
পঞ্চগড়ে মোটর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মহাসড়কে ব্যাটারি চালিত ইজিবাইক ও ডিজেল চালিত থ্রি হুইলারসহ অবৈধ সব যানবাহন চলাচল বন্ধের দাবিতে শনিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।
ধর্মঘটের কারণে জেলার পাঁচ উপজেলার ১৫ টি রুটে যাত্রী ও পণ্যবাহীসহ সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আন্তঃজেলা ও দুরপাল্লার কোন যান পঞ্চগড় ছেড়ে যায়নি।
এ বিষয়ে জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া জানান, ধর্মঘট প্রত্যাহারে আলোচনার জন্য মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে আহবান জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে শ্রমিকরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে ধর্মঘট ও দাবির সমর্থনে বিক্ষোভ মিছিল করে। এ সময় ধাক্কামারা গোলচক্কর এলাকায় দিনাজপুর হাজি দানেশ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সফরে আসা একটি বাসে ভাংচুরের চেষ্টা চালানো হয়।
