২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ দফা না মানলে ঢাকা অচলের হুমকি

দাবি না মানলে ঢাকা অচল করে দেয়ার হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খুলনা,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 01:21 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শনিবার খুলনায় সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা নূর হোসেন কাসেমী বলেন, ৩০ এপ্রিলের মধ্যে ১৩ দফা দাবি না মানলে ৫ মে ঢাকা অচল করে দেয়া হবে।

দাবি আদায় না করে তারা ঘরে ফিরবেন না বলেও ঘোষণা দেন।

বিকালে নগরীর ডাকবাংলা মোড়ে হেফাজতে ইসলাম আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথি ছিলেন।

সমাবেশে অন্য বক্তারা আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তিও দাবি করেন।

খুলনা মহানগর বিএনপি সভাপতি সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা ও সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু, সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম মঞ্চে উঠে সংহতি প্রকাশ করেন।

তবে তারা কেউ বক্তৃতা দেননি।

সমাবেশে খুলনা বিভাগের ১০ জেলার মুসল্লিরা অংশগ্রহণ করেছেন।

নগরীর ডাকবাংলা মোড়ের সমাবেশস্থলের আশপাশ ছাড়াও পশ্চিমে ফেরিঘাট, পাওয়ার হাউজ মোড়, শিববাড়ি, জোড়াগেট পর্যস্ত  মুসল্লিরা তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে বক্তব্য শোনেন।

সকাল ১০টায় হাফেজ ক্বারী মো. শামসুল হকের কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সমাবেশ শুরু হয়। বেলা ১১টার মধ্যে সমাবেশ স্থল এবং তার আশপাশের জায়গা ভরে যায়।

হেফাজতে ইসলাম খুলনা জেলা সভাপতি হাফেজ মাওলানা মোস্তাক আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনউদ্দিন রুহী, খেলাফত মজলিসের আমির মাওলানা মো. ইসহাক, যুগ্ম মহাসচিব মুফতি মো. ফয়জুল্লাহ প্রমুখ।