রুখে দাঁড়ানোর ডাক
যুদ্ধাপরাধের বিচার তরান্বিত করা এবং ‘ধর্মের অপব্যবহারকারী’ সংগঠন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবে নাগরিক সমাজের প্রতিনিধিরা।
পাঁচ দফা দাবিতে শনিবার ‘সাম্প্রদায়িতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চ’ আয়োজিত নাগরিক সমাজের জাতীয় সম্মেলন থেকে এ কর্মসূচি দেয়া হয়।
শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটশন মিলনায়তনে এই সম্মেলনে অংশ নেন।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত নিষিদ্ধের দাবিতে দেশজুড়ে গণজাগরণের মধ্যে এটি ছিল নাগরিক সমাজের দ্বিতীয় সম্মেলন। এর আগে ১৬ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম সম্মেলন হয়।
শনিবারের সম্মেলনে মঞ্চের পক্ষে পাঁচ দফা ঘোষণাপত্র উপস্থাপন করেন এর অন্যতম উদ্যোক্তা মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী।
এতে বলা হয়, যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের আদর্শ, সংখ্যালঘু সম্প্রদায়, স্বাধীনতার সপক্ষের শক্তি ও নারীসমাজ একাত্তরের মতো আবারো জামায়াত-শিবির ও অন্যান্য ধর্মান্ধ শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
“ধর্মান্ধ উগ্রবাদীরা দেশকে মধ্যযুগে ফিরিয়ে নেয়ার মতো দাবি উত্থাপন করছে। এ অপশক্তির সঙ্গে জোটবদ্ধভাবে আন্দোলন করছে প্রধান বিরোধী দল।”
শাহবাগের আন্দোলনকারীদের ঢালাওভাবে ‘নাস্তিক ব্লগার’ আখ্যায়িত করে তাদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে সম্প্রতি মিতিঝিলে সমাবেশ করে হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন যাদের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
হেফাজতের ১৩ দফায় নারী নীতি বাতিল ও নারী-পুরুষের প্রকাশ্যে অবাধ চলাফেরা বন্ধের মতো দাবিও তোলা হয়েছে, যাতে সমর্থন দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
সারওয়ার আলী বলেন, “দেশের এ সংকটকালে প্রয়োজন একাত্তরের মতো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সর্বসাধারণের জাতীয় ঐক্য, যারা অপশক্তির বিরুদ্ধে রুধে দাঁড়াবে। রুখে দাঁড়াও বাংলাদেশ।”
তরুণদের স্বাগত জানিয়ে সম্মেলনে বলা হয়, শাহবাগসহ দেশের সব জায়গায় গণজাগরণ মঞ্চের তরুণেরা মুক্তিযুদ্ধের আদর্শকে শান্তিপূর্ণ পথে সমুন্নত রাখছে।
গণজাগরণ মঞ্চসহ অর্ধশতাধিক সমাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এ সম্মেলনে সংহতি প্রকাশ করে।
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধের বিচার তরান্বিত করা ছাড়াও পাঁচ দফা দাবির মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিহত করে আক্রান্তদের পাশে দাঁড়ানো, মুক্ত চিন্তার পথ রুদ্ধ না করে সবার ধর্মানুভূতিকে রক্ষা করা এবং নারীর অধিকার সমুন্নত রাখার কথা বলা হয়েছে।
এসব দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার পাশাপাশি সব বিভাগীয় সদরে নাগরিক সমাবেশ করার ঘোষণা দেয়া হয় সম্মেলন থেকে। এছাড়া গণজারণমঞ্চসহ বিভিন্ন সংগঠনের অভিন্ন দাবির সমর্থেনে আলোচনা ও মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে তাদের।
গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের পর শাহবাগ চত্বরে তরুণদের নেতৃত্বে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হয়। এরপর সারা দেশে জামায়াত নিষিদ্ধের দাবি জোরালো হয়ে ওঠে।
অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে মানবাধিকার কর্মী সুলতানা কামাল, শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ছায়ানট সভাপতি সনজিদা খাতুন, ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের রানা দাশগুপ্ত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক সুশান্ত কুমার দাস, জ্যেষ্ঠ আইনজীবি শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় রায়, অধ্যাপক এমএম আকাশ, জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নারী নেত্রী খুশী কবির, সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বক্তব্য দেন।
সাঞ্চলনায় ছিলেন মহম্মদ এ আরাফাত।
