২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বাংলাদেশি প্রকৌশলী আক্রান্ত

যুক্তরাষ্ট্রের বস্টনে বোমা হামলার আট ঘণ্টা পর নিউ ইয়র্কে এক বাংলাদেশির উপর হামলা চালিয়েছে কয়েকজন হিসপ্যানিক যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 02:35 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

আহত ফারুক আহমেদ (৩০) পেশায় একজন নেটওয়ার্ক প্রকৌশলী।

সোমবার বিকালে বস্টন ম্যারাথনে বোমা হামলার আট ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে নিউ ইয়র্কের ব্রঙ্কসের মেলরোজ এলাকায় এক্সট্রারিয়র এভিনিউতে আপেলবি রেস্তোরাঁর সামনে তার ওপর হামলা হয়।

ফারুক বলেন, তাকে আরব-আমেরিকান মনে করে ধর্মীয় বিদ্বেষমূলক গালিগালাজ ও মারধর করা হয়। নিউ ইয়র্ক পুলিশের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সময় শুক্রবার সকালে ফক্স টেলিভিশন এ খবর জানায়।

ফারুক পুলিশকে জানান, রাতের খাবার শেষ করে রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর হামলার শিকার হন তিনি। কর্মব্যস্ত থাকায় বস্টনে বোমা হামলার বিষয়টি তার জানা ছিল না।

“রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর এক হিসপ্যানিক যুবক জানতে চায় যে, আমি আরব মুসলমান কি না। আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দেয়ার পর অন্তত তিন জন আমার ওপর হামলে পড়ে। তারা অনবরত কিল-ঘুষি-লাথি দিয়ে আমাকে রাস্তার ওপর ফেলে দেয়। তখন আমি অচেতন হয়ে পড়ি।” 

নিউ ইয়র্ক পুলিশের 'হেইট ক্রাইম ইউনিট' এ ঘটনার তদন্ত করছে। তবে এখন পর্যন্ত কাউকে সনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি তারা।

হাসপাতালে চিকিৎসা নেয়ার পর আব্দুল্লাহ ফারুকের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

সোমবার বিকাল পৌনে ৩টায় বস্টনে ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতার ফিনিশিং লাইনের কাছে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে তিনজন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হয়, যাদের অনেকে এখনো হাসপাতালে ভর্তি।