গুলশানে ৩ হিযবুত সদস্য আটক
রাজধানীর গুলশান থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার জুমার নামাজের পর গুলশানের আজাদ মসজিদ ও নিকেতন এলাকায় প্রচারপত্র বিতরণ করার সময় তাদেরকে আটক করা হয় বলে পুলিশ জানায়।
আটককৃতরা হলেন, ঈশা খান (২৪), দেলোয়ার হোসেন (২৫) ও নাঈম আবদুল্লাহ (২৪)।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) পুষ্পেন দেবনাথ বলেন, তাদের কাছে রাষ্ট্রবিরোধী প্রচারপত্র পাওয়া যায়। মহাখালীর একটি মেসে তারা ভাড়া থাকত বলে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
এসআই বলেন, ঈশা খানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি রাজধানীর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি থেকে গত বছর ফার্মাসিতে অনার্স পাস করেছেন। দেলোয়ার হোসেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের ছাত্র, বাড়ি মুন্সিগঞ্জ। নাঈম আবদুল্লাহ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র।
