২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ঝড় ও শিলাবৃষ্টি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বৃহস্পতিবার রাতে ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 12:27 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

রাত সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত সময়ে অমরপুর, আব্দুলপুর ও সাঁইতারা ইউনিয়নের প্রায় দেড়শ’ হেক্টর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে কৃষকরা জানিয়েছেন।

এছাড়া শিলাবৃষ্টিতে এলাকার বেশিরভাগ বাড়ির টিন ঝাঁজড়া হয়ে গেছে বলেও তারা জানান।

এলাকার লুৎফর রহমান, আলাউদ্দিন, মোসলেম উদ্দিন, নিপেন চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাস্টারপাড়া, দক্ষিণ সুকদেবপুর, তেলীপাড়া, মন্ডলপাড়া, বন্দিয়াপাড়া, গ্রামনিবাস এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বড় বড় আকারের শিলাবৃষ্টি জমির বোরো ধান, ভুট্টা ও বিভিন্ন প্রকার সবজিসহ মৌসুমী ফলের ব্যাপক ক্ষতি করেছে বলে তারা জানান।

ক্ষতিগ্রস্থ কৃষক মোসলেম উদ্দিন বলেন, বোরো ধান আর ১৮/২০ দিন পরেই কাটার উপযোগী হতো। কিন্তু যে জমির উপর শিলাবৃষ্টি হয়েছে তার ধান আর পাওয়া যাবে না।

ফসলের ব্যাপক ক্ষতির কথা স্বীকার করে চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মহন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিকভাবে তারা ক্ষতিগ্রস্ত ৮৫ হেক্টর বোরো ধানের এবং ১২ হেক্টর ভুট্টার জমি চিহ্নিত করেছেন। এখনো ক্ষতিগ্রস্ত ফসলী জমি চিহ্নিতকরণের কাজ চলছে।

দক্ষিণ সুকদেবপুর গ্রামের ৭০ বছরের বৃদ্ধ অশোক কুমার বলেন, প্রচণ্ড শিলাবৃষ্টিতে এলাকার প্রতিটি বাড়ির টিন ঝাঁজড়া হয়ে গেছে। এলাকার কোনো বাড়ির টিনের চালা অক্ষত নেই।

একেকটি শিলার ওজন প্রায় দেড়/দুই কেজি হবে বলে তিনি জানান।