‘১৩ দফা মানতে বাধ্য করা হবে’
সরকারকে ১৩ দফা দাবি মানতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের নেতারা।
শুক্রবার ফরিদপুরে হেফাজতে ইসলামের সমাবেশে বক্তারা বলেন, `নাস্তিক সমর্থক’ এই সরকারকে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি মানতে বাধ্য করা হবে।
নইলে আগামী ৫ মে ঢাকার মহাসমাবেশ থেকে আরও কঠোর আন্দোলনের কর্মসূচির মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে হটানো হবে।
বক্তারা ‘ইসলামপ্রেমিক’ আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
শহরের পুরানো বাসস্ট্যাড এলাকায় জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা জহুরুল হকের সভাপতিত্বে ঢাকা মহানগরীর নায়েবে আমির নূর হোসেন কাসেমী, যুগ্ম-মহাসচিব যুনায়েদ আল-হাবিব, মুফতি ওয়াক্কাস, মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা খলিলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক হেফাজতে ইসলাম সমর্থক সমাবেশে যোগ দেন।
সকাল ১০টা থেকে লোকজন আসতে থাকে। বাদ জুমা আনুষ্ঠানিকভাবে সভার কাজ শুরু হয়।
