২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি প্রতিনিধির বাড়িতে হামলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম নাদিম মাহমুদের গ্রামের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 11:03 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের পাতকোলা গ্রামে এ হামলা হয়।

এ সময় নাদিমের বাবা আফজাল হোসেন ও মা নার্গিস বেগমকে মারধর এবং বাড়িঘর তছনছ করা হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকজন নিয়ে এ হামলা চালান বলে অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন।

আফজাল হোসেন ও নার্গিস বেগমের বরাত দিয়ে নাদিম সাংবাদিকদের বলেন, পূর্বের আক্রোশের জের ধরে ৭নং আধাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল আলম সকালে তাদের বাড়ি যান।  

এরপর বাড়ির সামনে দিয়ে পানি নিষ্কাসনের জন্য জোরপূর্বক নালা তৈরির চেষ্টা করলে আফজাল বাধা দেন এবং মূল ফটকের সামনে নর্দমা না দিয়ে দুই ফুট দূরে দেয়ার অনুরোধ করেন।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যান সামছুল আলম ও তার সঙ্গে আসা সাগর কুমার, মিলন কুমার, পিরু গোপাল, সন্তোষসহ ১০-১২ জন আফজাল হোসেনকে মারধর করে।

স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে নার্গিস বেগমকেও আঘাত করে তারা।

পরে জোর করে বাসার সামনে নর্দমা তৈরি করে।

এ ব্যপারে আধাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রামের কয়েকজন তাদের মারধর করেছে। আমি গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি।”

বদলগাছী থানার ওসি আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঘটনাটি শোনার পর ফোর্স পাঠিয়েছি।”