২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

রাজবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যুর পর প্রায় তিন ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 06:45 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

পুলিশ জানায়, শুক্রবার সকালে রাজবাড়ী-ফরিদপুর সড়কের আহলাদীপুর জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন মোল্লা(৮)আলদীপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীতে পড়তো। তার বাবার নাম রহিম মোল্লা।

স্থানীয়দের বরাত দিয়ে রাজবাড়ী সদর থানার ওসি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৬টার দিকে এক আত্মীয়াকে টেম্পোতে তুলে দিয়ে রাস্তা পার হচ্ছিলো ইয়াসিন। এসময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিক্ষুব্ধ এলাকাবাসী ও জুট মিলের শ্রমিকরা গাছের গুঁড়ি ফেলে সড়কটি প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখে এবং সেখানে দুটি গতিরোধক স্থাপনের দাবি জানায়।

রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার আহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।

দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এব্যাপারে রাজবাড়ী সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি রাজ্জাক।