২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নছিমন-করিমন বন্ধের দাবিতে বাস বন্ধ গোপালগঞ্জে

সড়কে নসিমন-করিমনের মতো অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বাস ধর্মঘট চলছে গোপালগঞ্জে। 

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 06:36 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শুক্রবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হওয়ায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

ঢাকা-খুলনা মহাসড়কের  বেদগ্রাম নতুন বাসস্ট্যান্ড, বেদগ্রাম মোড়, পল্লী বিদ্যুৎ মোড়, পুলিশ লাইন মোড়সহ ১০টি স্থানে গাছের গুঁড়ি এবং গাড়ি এলোপাতাড়িভাবে রেখে অবস্থান নিয়েছে গোপালগঞ্জ জেলা বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।

জেলার অভ্যন্তরীণ পাঁচটি রুটে কোনো বাস চলছে না। মহাসড়কে বাস শ্রমিকদের অবরোধের কারণে দক্ষিনাঞ্চলগামী যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। গোপালগঞ্জ থেকে ঢাকাগামী কোনো বাসও ছাড়েনি।

শ্যালো ইঞ্জিনচালিত যান নসিমন-করিমন অবৈধ হওয়ায় সড়কে তা চলাচল বন্ধ করে দেয়ার কথা যোগাযোগমন্ত্রী বলে এলেও তা এখনো চলছে। 

গোপালগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবুল হোসেন সাংবাদিকদের জানান, তারা নসিমন-করিমনচালকদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন, কিন্তু সাড়া পাননি।

এরপর বৃহস্পতিবার রাতে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ জরুরি বৈঠকে বসে অবৈধ যানবাহন বন্ধ না হওয়া পর্যন্ত  বাস ধর্মঘটের সিদ্ধান্ত নেয়।

বাস চালকদের দাবি, অবৈধ এসব যানবাহনের কারণে সড়কে দুর্ঘটনা ঘটছে।