২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক কল কমে আসায় সংসদীয় কমিটির উদ্বেগ

নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আন্তর্জাতিক কল কমে আসার কারণ খতিয়ে দেখতে বলেছে সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 11:56 AM

Updated : 25 Apr 2022, 06:37 PM

পাশাপাশি জড়িতদের সনাক্ত করে শাস্তির আওতায় আনারও সুপারিশ করেছে তারা।

গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে আন্তর্জাতিক কলের পরিমাণ দৈনিক ৫ কোটি মিনিট থেকে তিন কোটি মিনিটে নেমে আসে।
 

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

গত বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে আন্তর্জাতিক কল আসার পরিমাণ ছিলো ১৩৪ কোটি ৭৩ লাখ ২১ হাজার ৯৫২ মিনিট, যা দৈনিক হিসেবে প্রায় পাঁচ কোটির মতো। তবে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই কলের পরিমাণ দৈনিক তিন কোটির কাছাকাছি দাঁড়ায়।

অবশ্য পরের মাস থেকে তা বাড়তে থাকে। সর্বশেষ চলতি বছরে মার্চ মাসে কল আসার পরিমাণ ছিল ১৩১ কোটি মিনিটের বেশি।

বৃহস্পতিবার বৈঠক শেষে কমিটির সদস্য খালিদ মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটির বিটিআরসিকে রাজস্ব আয় বাড়ানোর পদক্ষেপ নিতে বলেছে। একই সঙ্গে যে সময় আন্তর্জাতিক কল কম এসেছে তার কারণ খূঁজে বের করতে বলেছে।”

কমিটির বৈঠক সংক্রান্ত সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের তিন মাস ইনকামিং কল মিনিট কম হওয়ার কারণ সনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বিটিআরসির কার্যক্রম সম্পর্কে সংসদীয় কমিটির বৈঠকে উত্থাপিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ইনকামিং কল চার্জ ২০০৭ সাল ছিলো চার সেন্ট। বর্তমানে তা কমিয়ে ৩ দশমিক ৪৫ সেন্ট নির্ধারণ করা হয়েছে, যা ৩ সেন্ট করার পরিকল্পনা সরকারের রয়েছে।

কমিটির সভাপতি মো. আব্দুস ছাত্তার সাংবাদিকদের বলেন, “গত মার্চ মাসে ১৩১ কোটি মিনিটের উপরে কল এসেছে। কমিটি এটাকে ১৫০ কোটি মিনিটে উন্নীত করতে বলেছে।”

বৈঠকে সকল প্রকার অবৈধ টার্মিনেশন প্রতিরোধ করতে মনিটরিং কার্যক্রম জোরদার করার জন্য সুপারিশ করা হয়েছে জানিয়ে কমিটির সদস্য মো. নজরুল ইসলাম বাবু বলেন, “বৈঠকে টেলিযোগাযোগ সেক্টরের সকল বকেয়া আদায়সহ এ সেক্টর থেকে সরকারের রাজস্ব আয় আরো বাড়ানোর সুপারিশ করা হয়েছে।”