বাংলাদেশি কর্মীদের ওপর গুলি গ্রিসে
গ্রিসে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভকারী শ্রমিকদের ওপর মালিকপক্ষের গুলিতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আহতদের অধিকাংশই বাংলাদেশি বলে বিবিসি জানিয়েছে।
ভূমধ্যসাগরীয় দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলার জামাল হুসেইন বিবিসি বাংলাকে জানিয়েছেন, আহত বাংলাদেশি কর্মীদের দেখতে তিনি ওই এলাকায় রয়েছেন।
তিনি বলেছেন, প্রাথমিক শুশ্রূষার পর ১৬ জনকে ছেড়ে দেয়া হয়েছে এবং ৭ জনের অবস্থা গুরুতর।
গ্রিসের দক্ষিণাঞ্চলে পেলপোনেসিয়ান গ্রামের একটি স্ট্রবেরি খামারে বুধবার রাতে এই গুলি চালানোর ঘটনা ঘটে। আহত শ্রমিকরা সবাই অভিবাসী।
বিবিসি জানিয়েছে, বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর অন্তত একজন সুপারভাইজার গুলি চালান।
এই ঘটনার পর খামার মালিক এবং একজন কর্মকর্তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রিসে অবস্থানরত ইউরোপে বাংলাদেশিদের সংগঠন এইবিএ-এর প্রেসিডেন্ট জয়নুল আবেদীন বলেন, ওই কারখানার দেড়শ’রও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করেন এবং তারা ছয় মাস ধরে বেতন পাচ্ছিলেন না।
দূতাবাসের কাউন্সেলার জামাল হুসেইনের সঙ্গে জয়নুল আবেদীনও ঘটনাস্থলে গেছেন। সেখান থেকেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি।
ওই খামারে প্রায় ২০০ শ্রমিক তাদের পাওনা চাইতে জড়ো হয়েছিল। তখন সুপারভাইজার তাদের ওপর গুলি চালায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা হারালাম্বস স্ফেটস সংবাদ সংস্থা এপিকে বলেছেন, উত্তেজিত শ্রমিকরা তেড়ে গেলে সুপারভাইজার গুলি চালায়।
দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি আরো দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
জয়নুল আবেদীন বলেন, বকেয়া বেতন চেয়ে বিভিন্ন আবেদন-নিবেদন করা হলেও শ্রমিকদের কথায় কান দেয়নি এই খামারের মালিক। এরপর তিন দিন আগে ধর্মঘট শুরু করেন শ্রমিকরা।
“পাওনা পরিশোধের আশ্বাস দিয়ে মালিক শ্রমিকদের ডেকে এনে গুলি চালায়।”
শ্রমিকদের পাওনা অর্থের পরিমাণ দেড় লাখ ডলার বলে জানান তিনি।
জয়নাল আবেদীন বলেন, এই বিষয়ে আইনি কী পদক্ষেপ নেয়া যায়, তা নিয়ে একজন আইনজীবীর সঙ্গে কথা বলতে যাচ্ছেন তিনি ও দূতাবাস কর্মকর্তা জামাল হুসেইন।
এই পরিস্থিতি থেকে শ্রমিকদের বাঁচাতে কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বানও জানান তিনি।
