বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিডিবিকর্মী, আনসার সদস্যের মৃত্যু
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ উন্নয়নবোর্ডের (পিডিবি) কর্মচারী ও এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
পিডিবি কর্মচারী হাবিবুর রহমান লেমু (২৮) বাকলিয়া থানার ফুলতলায় বৈদ্যুতিক খুঁটি মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
হাবিবুর ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার দক্ষিণ ঘটিপাড়ার ধানিখোলা গ্রামের লালমিয়ার ছেলে।
এ ঘটনায় হাবিবুরের সহকর্মী আবু জাফর (৫৫) গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পশ্চিম পটিয়ার এস আলম কোল্ড রোলের পাশে একটি নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মো. তরিকুল ইসলাম (২৫)।
আনসার সদস্য তরিকুল খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর গ্রামের রেজান উল্লাহর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাবিবুর ও তরিকুলকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে।
