নাসিম ওসমানের বিরুদ্ধে জিডি
সাংবাদিকদের উপর হামলার আশঙ্কায় সংসদ সদস্য নাসিম ওসমানের বিরুদ্ধে সাধারণ ডায়রি (জিডি) করেছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হালিম আজাদ।
জিডিতে হালিম আজাদ অভিযোগ করেন, বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য দেয়ার পর কমিটির উপদেষ্টা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য নাসিম ওসমান সাংবাদিকদের প্রতি বিষোদগার ও অশোভন মন্তব্য করেন।
"সভা শেষে নাসিম ওসমান আমার দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে আসেন এবং বলেন, রাজনীতিবিদদের শিক্ষা দেওয়ার তুই কে।"
"এ আচরণে আমি হতভম্ব হই এবং বলি একজন সাংসদ হয়ে আপনি এ আচরণ করতে পারেন না। এই কথা শুনে তিনি আমাকে গালাগাল করতে থাকেন। 'সাংবাদিকদের ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে এবং তোদের দেখে নিব ' বলে হুমকি দেন।"
সাংবাদিকরা কিভাবে নারায়ণগঞ্জ থাকে তা দেখে নিব বলেও নাসিম ওসমান হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করেন হালিম আজাদ।
"এ ঘটনায় আমি ও নারায়ণগঞ্জে কর্মরত সকল সাংবাদিক চরম নিরাপত্তাহীন ও উৎকণ্ঠার মধ্যে আছি।"
নারায়ণগঞ্জের সাংবাদিকরা যেকোনো সময় আক্রান্ত হতে পারে বলেও জিডিতে আশঙ্কা করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
