চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরেক মেয়েকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের বড়স্টেশনের যমুনা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আবুল হোসেন (৫৫) ও তার মেয়ে ফারজানা (১৮)। চিকিৎসাধীন আরেক মেয়ের নাম রাহিমা বেগম (৩৫)।
চাঁদপুর পৌরসভার কাউন্সিলর আলী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আবুল হোসেন সকালে নিজের ঘরে বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
এ সময় তার দুই মেয়ে বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে আবুল হোসেন ও ফারজানার মৃত্যু হয়।
আবুল হোসেন পেশায় মাঝি ছিলেন। তার ৭ সন্তানের সবাই বিবাহিত। তারা পরিবার-পরিজন নিয়ে চাঁদপুরের বিভিন্ন স্থানে বসবাস করেন। ফারজানা ও রাহিমা বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
