২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার

দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা শ্রম আইন সংশোধনের পদক্ষেপ নিয়েছে গার্মেন্টস শিল্প বিষয়ক মন্ত্রিসভা কমিটি, যার ওপর জিএসপি সুবিধাসহ শ্রমিকদের স্বার্থ রক্ষার বিষয়গুলো নির্ভর করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 07:19 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

বুধবার সচিবালয়ে কমিটির প্রথম সভা শেষে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সাংবাদিকদের এ তথ্য জানান।

আগামী ২২ এপ্রিল শ্রম আইন সংশোধনের বিষয়টি মন্ত্রিসভা বৈঠকে উঠবে বলেও কমিটির এই সদস্য জানান।

হরতাল ও রাজনৈতিক সমস্যার মধ্যে রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য পরিবহণে নিশ্ছিদ্র নিরাপত্তা দেয়ার সিদ্ধান্তও নেয় এই কমিটি।

অবশ্য শ্রম আইনে কী ধরনের সংশোধন আনা হচ্ছে সে বিষয় মন্তব্য করতে রাজি হননি পাটমন্ত্রী।

“সকাল সাড়ে ১১টা থেকে প্রায় প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠকে গার্মেন্টস সেক্টরের নিরাপত্তা, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, মজুরি বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে,” বলেন লতিফ সিদ্দিকী।

মন্ত্রী বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে জিএসপি (জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স) নিয়ে যে সমস্যা হয়েছে তা সফলভাবে সমাধান করা হবে। তবে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে মোকাবেলা করতে হবে।

জিএসপি একটি ব্যবস্থা যার মাধ্যমে কোন উন্নত দেশ উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশকে হ্রাসকৃত বা সম্পূর্ণ শুল্কমুক্ত বাজার সুবিধা দিয়ে থাকে। বর্তমানে জিএসপির আওতায় বাংলাদেশ সবগুলো উন্নত দেশে বাজার সুবিধা ভোগ করছে।

তবে যুক্তরাষ্ট্রের জিএসপি স্কিমে বাংলাদেশের তৈরি পোশাক অন্তর্ভুক্ত না থাকায় দেশটির জিএসপি স্কিম থেকে খুবই কম সুবিধা পায় বাংলাদেশ, যা ওই দেশে বাংলাদেশের মোট রপ্তানির শূন্য দশমিক ৫ এর মতো।

পণ্য পরিবহনে নিরাপত্তা

হরতালের সময় গার্মেন্টস শিল্পে পণ্য পরিবহনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, জনগণ হিংসাত্মক হরতালের পক্ষে নয়, এ জন্য জনগণের সহযোগিতাও প্রয়োজন।

সাম্প্রতিক সহিংসতা যেভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত বা নিহত হচ্ছে, তাদের নিরাপত্তা কে দেবে- এ প্রশ্নের জবাবে লতিফ সিদ্দিকী বলেন, নিরাপত্তা বাহিনী পারে না তা নয়, বরং তারা সংযত আচরণ করছে।

অর্থনীতি বিকল হলে সবকিছু বাধাগ্রস্ত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে যে রাজনৈতিক সমস্যা তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তা সমাধান করা হবে।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সভাপতিত্বে সভায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, নৌমন্ত্রী শাজাহান খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাণিজ্যমন্ত্রী জিএম কাদেরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।