২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতবিরোধী মহাসমাবেশ করবে গামেন্টকর্মীরা

নারীর প্রতি অবমাননাকর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে হেফাজতে ইসলামের বিরুদ্ধে আগামী ২৮ এপ্রিল ঢাকায় মহাসমাবেশ করবে ‘গামেন্ট শ্রমিক রক্ষা আন্দোলন’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 05:06 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন গার্মেন্ট শ্রমিক রক্ষা আন্দোলনের সদস্য লিমা ফেরদৌস।

ইসলামবিরোধী নারীনীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল, প্রকাশ্যে নারী-পুরুষ অবাধ বিচরণ বন্ধসহ ১৩ দফা দাবিতে গত ৬ এপ্রিল মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে গণজাগরণবিরোধী ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম।

লিমা ফেরদৌস, “যে ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলাম সমাবেশ করেছে সেগুলোর প্রতি সরকার নমনীয় হলে এর সবচেয়ে বড় শিকার হবে গার্মেন্ট কর্মীসহ শ্রমজীবী নারীরা। সমাবেশে নারীদের প্রসঙ্গে যে বক্তব্য দেয়া হয়েছে তা অত্যন্ত অশোভন, কুরুচিপূর্ণ এবং নারী অধিকারের সাথে সরাসরি সাংঘর্ষিক। এর প্রতিবাদ স্বরূপই আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি।”

হেফাজতে ইসলামের সমাবেশের সংবাদ সংগ্রহ করতে ওই দিন হেফাজতকর্মীদের হামলার শিকার বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক নাদিয়া শারমিন।

সমাবেশে নারী অধিকারের প্রতি আক্রমণাত্মক বক্তব্যের প্রতিবাদে মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে প্রগতিশীল এবং নারী অধিকার আদায় ভিত্তিক সংগঠনগুলো।