রাঙামাটিতে স’মিলে দুর্বৃত্তদের গুলি, দুই নৈশপ্রহরী নিখোঁজ
রাঙামাটি শহরের রাজবাড়ী করাতকলে এসে দুর্বৃত্তরা বুধবার রাতে ফাঁকা গুলি ছুড়েছে। তারা একটি ইঞ্জিন বোটেও আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনার পর ওই করাতকলের দুই নৈশপ্রহরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা হলেন- শফি উদ্দীন (৬২) ও সাহেব আলী(৫২)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম চৌধুরী স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃত করে জানান, রাত পৌনে ৮টার দিকে একদল দুর্বৃত্ত ইঞ্জিন বোটযোগে শহরের উত্তর কালিন্দীপুর এলাকার রাজবাড়ী করাতকলে আসে। তারা স’মিলের এক প্রান্তের অন্ধকার স্থান থেকে ৫ থেকে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং ঘাটে থাকা একটি ইঞ্জিন বোটে আগুন ধরিয়ে দেয়। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভায়।
তিনি আরও বলেন, এ ঘটনার পর রাজবাড়ী করাতকলে কর্তব্যরত দুই নৈশপ্রহরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্বৃত্তরা তাদেরকে অপহরণ করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
