পুরান ঢাকায় স্বর্ণ দোকানে ডাকাতি
রাজধানীর পুরান ঢাকার বংশালে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতদলের হাতবোমায় আহত হয়েছেন দুই ব্যক্তি।
বুধবার রাত ৮টার দিকে বংশাল চৌরাস্তার কাছে নিউ জোনাকি জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, চার যুবক ওই দোকানে ঢুকে অস্ত্রের মুখে মালিক ও কর্মচারীদের জিম্মি করে ফেলে। দোকানে থাকা স্বর্ণ লুট করে যাওয়ার সময় তারা ১০/১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটর সাইকেলে করে পালিয়ে যায়।
দোকানে ওই সময় মালিক নুরুল ইসলাম ছাড়াও তিন কর্মচারী ছিলেন।
জুয়েল নামে একজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাত সদস্যরা দুটি মোটরসাইকেলে চড়ে ওই দোকানের সামনে এসে থামে। কেউ কিছু বুঝে ওঠার আগেই মালিক ও কর্মচারীদের জিম্মি করে ফেলে।
তাৎক্ষণিকভাবে নুরুল ইসলাম জানান, ডাকাত সদস্যরা তার দোকান থেকে প্রায় দেড়শ ভরি স্বর্ণ নিয়ে গেছে।
এ বিষয়ে বংশাল থানার ওসি কুদ্দুস ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্বৃত্তদের ছোড়া হাতবোমায় ওই এলাকার দুই বাসিন্দা আহত হয়েছেন।
আহতরা হলেন, গাজী মো. সালাউদ্দিন (৪৫) ও আশরাফ উদ্দিন (২২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে এটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতার জের ধরে ঘটেছে তা তদন্তের পর বলা যাবে বলে জানান ওসি কুদ্দুস ফকির।
