ময়নাতদন্তের জন্য কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন
আদালতের নির্দেশে দাফনের আড়াই মাস পর শেরপুরের নালিতাবাড়ীতে এক গৃহবধূর লাশ কবর থেকে তোলা হয়েছে।
ময়নাতদন্তের জন্য গৃহবধূ সরুফা বেগমের (৩০) লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ী থানার ওসি গোলাম হায়দার জানান, গত ২৯ জানুয়ারি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বেকিকুড়া গ্রামে গৃহবধূ সরুফা বেগমের(৩০)লাশ স্বামীর বাড়ির কাঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
লাশের ময়নাতদন্তে হত্যার আলামত না থাকায় নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়।
নিহতের পরিবারের দাবি, সরুফা আত্মহত্যা করেনি। স্বামী মাসুদ রানা(৩৫) তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
সরুফার বড় ভাই কামাল মিয়া গত ১৩ মার্চ শেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ব্যাপারে একটি মামলা করেন।
আদালত মামলার অভিযোগকে এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)গোলাম হায়দারকে নির্দেশ দেয়।
ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে বুধবার দুপুরে পুলিশ সরুফার লাশ কবর থেকে উত্তোলন করে।
ওই গৃহবধূর মৃত্যুর পর থেকে তার স্বামী মাসুদ রানা পলাতক রয়েছেন।
