বাগেরহাটে কালবৈশাখী ঝড়
বাগেরহাটে মঙ্গলবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এতে বাগেরহাট-খুলনা ও বাগেরহাট-মোরেলগঞ্জ-শরণখোলা সড়কসহ বিভিন্ন সড়কে গাছ ভেঙে পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হয়।
দেড়শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। শিলাবৃষ্টিতে বিভিন্ন স্থানে পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সরেজমিন পরিদর্শন করেছেন মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটি ইউনিয়নের তিনটি গ্রাম মিত্রডাঙ্গা, জোকা ও গাজীরঘাট।
এ তিন গ্রামের বিশ-পঁচিশটি করে ঘর বিধ্বস্ত হয়েছে। এসব গ্রামে শতশত ঘরহারা মানুষ খোলা আকাশে নিচে রয়েছে।
দৈবজ্ঞহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সমশের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হল মিত্রডাঙ্গা, জোকা ও গাজীরঘাট। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিত্রডাঙ্গা।
মিত্রডাঙ্গার বাসিন্দা মো. সামছুর রহমান শেখ (৭৬) বলেন, সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ মেঘ করে কয়েক মিনিটের ঝড়ে ৫০/৬০টি ঘর উড়িয়ে নিয়ে গেছে। এর ১০/১৫ মিনিট পর ঝড় কিছুটা কমে এলে বজ্রসহ শিলাবৃষ্টি শুরু হয়।
ঝড়ে এ গ্রামের মিত্রডাঙ্গা আল্ কোবা জামে মসজিদ ও মিত্রডাঙ্গা জামে মসজিদের টিনের চাল উড়ে গেছে এবং ইটের দেয়াল ফেটে গেছে। এছাড়া অসংখ্য গাছ উপড়ে বা ভেঙে গেছে।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক মো. মোতাহার হোসেন বলেন, ঝড়ের কারণে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে, খুঁট ভেঙে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবারের আগে সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হবে না।
বাগেরহাট কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক হীরেন্দ্রনাথ হাওলাদার বলেন, মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টিতে সার্বিকভাবে এলাকার কৃষির উপকার হয়েছে। তবে কোথাও কোথাও শিলাবৃষ্টিতে ফসলের সামান্য ক্ষতি হতে পারে।
