রিজভীদের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল
দ্রুত বিচার আইনের মামলায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও জয়নুল আবদিন ফারুকসহ ১৪৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, কারাগার থেকে আসামিদের না আনায় শুনানি পেছানো হয়েছে।
এর আগে গত ৩১ মার্চ একই আদালত অভিযোগ গঠনের শুনানির জন্য ১৭ এপ্রিল দিন রাখে।
এ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান গত ২৪ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আসামিদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাজাহান, ড্যাব মহাসচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এম জাহিদ হোসেন এবং বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও অ্যাডভোকেট আবেদ রাজা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন এবং আরেফিন আহমেদ খান সাকু জামিনে আছেন বলে জানান তাদের আইনজীবী বোরহানউদ্দিন।
গত ১১ মার্চ বিকালে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়।
এর ঘণ্টাখানেক পর বিএনপি কার্যালয় ও আশেপাশের এলাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ১৫৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায়।
পরদিন বিএনপির তিন নেতা মির্জা ফখরুল, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দিলেও ১৮ দলীয় জোটের ১৫৪ জনের বিরুদ্ধে দুটি মামলা করে পল্টন থানা পুলিশ। দুই মামলাতেই আরো ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় নেতাকর্মীকে আসামি করা হয়।
এজাহারের ১৫৪ আসামির মধ্যে অভিযোগপত্রে ছয় জনের নাম বাদ দেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয় ৪২ জনকে।
বিরোধী দলীয় প্রধান হুইপ ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী ছাড়াও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও মো. শাজাহান, ড্যাব মহাসচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এম জাহিদ হোসেন এবং বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে এ মামলায় হুকুমের আসামি করা হয়েছে।
আইন-শৃংঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪ ও ৫ ধারায় জমা দেয়া অভিযোগপত্রে বলা হয়- ছয় হুকুমের আসামি ওইদিন বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের সমাবেশে মাইকের মাধ্যমে ত্রাস ও অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য কর্মীদের উত্তেজিত করে তোলেন। এর ফলে দলীয় কর্মীরা ওই এলাকায় ১৮ থেকে ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
তারা জনসাধারণের চলাচলের রাস্তায় টায়ার, চট, কাঠ ও কাগজ দিয়ে সাতটি জায়গায় আগুন দিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। এছাড়া সরকারি বেসরকারি কার্যালয়ে হামলা চালিয়ে ক্ষতি করে এবং পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
