২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংগ্রাম সম্পাদকের আগাম জামিন

হাই কোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন দৈনিক সংগ্রামের সম্পাদক ও প্রকাশক আবুল আসাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 06:17 AM

Updated : 25 Apr 2022, 06:37 PM

দৈনিক সংগ্রামের ছাপাখানায় বেআইনিভাবে দৈনিক আমার দেশ ছাপানোর মামলায় বুধবার তিনি জামিনের আবেদন করলে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ তা মঞ্জুর করেন।

আবুল আসাদের পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী।

এ মামলায় একই আদালত থেকে আগাম জামিন পান আমার দেশ পাবলিকেশন্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগম, যিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মা।

সংগ্রামের ছাপাখানায় বেআইনিভাবে আমার দেশ মুদ্রণ এবং আমার দেশ প্রকাশ, প্রদর্শন ও বিক্রির অভিযোগে ঢাকার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রকাশনা) নাসরীন সুলতানা গত ১৪ এপ্রিল রমনা মডেল থানায় এ মামলা দায়ের করেন।

প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট ১৯৭৩ এর ৩২ ও ৩৩ ধারা অনুযায়ী এ মামলা করা হয়।

এর আগে ১৩ এপ্রিল রাতে মগবাজারে জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের আল ফালাহ প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে ছয় হাজার কপি ‘আমার দেশ’ জব্দ করে পুলিশ। আটক করা হয় সংশ্লিষ্ট ১৯ কর্মীকে।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ১১ এপ্রিল গ্রেপ্তার করা হয় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে। ওইদিন রাতেই তেজগাঁওয়ে পত্রিকাটির ছাপাখানা সিলগালা করে দেয় পুলিশ।

এরপর আমার দেশ কর্তৃপক্ষ জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের মগবাজারে আল ফালাহ প্রিন্টিং প্রেসে পত্রিকা ছাপানো শুরু করলে সেখানে অভিযান চালায় পুলিশ।

প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট অনুযায়ী একটি সংবাদপত্র ডিক্লারেশনে ঘোষিত ছাপাখানার বাইরে অন্য কোথাও পত্রিকা ছাপাতে চাইলে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়।

তবে দৈনিক আমার দেশ অন্য ছাপাখানা থেকে ছাপার ব্যাপারে কোনো অনুমতি নেয়নি বলে গণমাধ্যমে খবর এসেছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, দৈনিক আমার দেশ প্রকাশের অনুমোদন (ডিক্লারেশন) বাতিল করা হয়নি। ঢাকার জেলা প্রশাসনের অনুমতি নিয়ে অন্য প্রেসেও তারা প্রকাশনা চালিয়ে যেতে পারে।

পুরনো খবর:

‘অনুমতি নিয়ে অন্য প্রেসেও আমার দেশ ছাপা যাবে’