গাড়ি ‘ছিনতাইকারী’ ধরতে গিয়ে এসআই গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘গাড়ি ছিনতাইকারী’ ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন রাজধানীর শ্যামপুর থানার এক উপ পরিদর্শক।
উপ পরিদর্শক খন্দকার হেলাল উদ্দিনের পেটে ও বাঁ-পায়ে গুলি লেগেছে।
আহত অন্য দুজন হলেন, মো. হালিম ও জিল্লুর রহমান। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, শ্যামপুরের আরশিন গেট এলাকা থেকে সোমবার সকালে একটি গাড়ি ছিনতাইয়ের অভিযোগ পান তারা।
“মঙ্গলবার রাত ১টার দিকে যাত্রাবাড়ি চৌরাস্তার কাছে পুলিশ গাড়িটি দেখতে পেয়ে থামার নির্দেশ দেয়। কিন্তু ছিনতাইকারীরা গাড়ি না থামিয়ে ডেমরা রোডের দিকে যেতে থাকে। পুলিশ তাদের পিছু নিলে তারাবো চৌরাস্তার কাছে থেমে ছিনতাইকারীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। এতে হেলাল গুলিবিদ্ধ হন।”
এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে ‘ছিনতাইকারী’ দলের দুইজন আহত হন।
ওই দুইজন ছাড়াও বাদশা নামে আরেক ছিনতাইকারীকে পুলিশ আটক করতে পারলেও ‘সিদ্ধিবাবু’ নামে আরেক ছিনতাইকারী পালিয়ে যায় বলে ওসি জানান।
উদ্ধার করা গাড়ির ভেতর তিনটি হাতবোমা ও দুটি চাকু পাওয়া যায় বলে জানান তিনি।
ওসি আব্দুর রশিদ বলেন, “গাড়িতে একটি আগ্নেয়াস্ত্র থাকলেও সিদ্ধিবাবু সেটি নিয়ে পালিয়ে গেছে বলে অন্যরা জানিয়েছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গাড়ি ছিনতাই করে আসছিল।”
