ঢাবিতে সাংবাদিক নির্যাতন তদন্তে কমিটি
পহেলা বৈশাখে সাংবাদিকদের মারধরের ঘটনা তদন্তে একটি কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঘটনার দুদিন পর মঙ্গলবার প্রক্টর অধ্যাপক আমজাদ আলীকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়।
প্রক্টর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, দ্রুতই প্রতিবেদন চূড়ান্ত করবেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কমিটির অন্য দুই সদস্য হলেন- সহকারী প্রক্টর অধ্যাপক মফিজুর রহমান ও রবিউল ইসলাম।
পহেলা বৈশাখের আগের রাতে এসএম হলের ১০/১২ জন ছাত্রলীগকর্মী ফুলার রোডে যাওয়া রিকশা, রিকশা ভ্যান, মোটর সাইকেল, অটোরিকশা ও প্রাইভেটকারসহ বিভিন্ন গাড়ি থামিয়ে অর্থ নিচ্ছিল।
ওই সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা গেলে ছাত্রলীগকর্মীদের মারধরের শিকার হন।
তারা হলেন- প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আহমেদ জায়িফ, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মলয় কুমার দত্ত, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দুলাল সমদ্দার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুজন মণ্ডল ও ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক প্রতীক চক্রবর্তী।
হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠায় এসএম হল শাখার ১১ কর্মীকে ইতোমধ্যে বহিষ্কার করেছে ছাত্রলীগ। এছাড়া ঘটনা তদন্তে সংগঠনটি একটি কমিটিও করেছে।
