লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নান শুরু বুধবার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী স্নান শুরু হচ্ছে বুধবার রাতে।
পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এবার প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে স্নানঘাটে।
রাত ২ টা ৭ মিনিট ২৬ সেকেন্ডে মহাষ্টমী শুরু হয়ে পরদিন বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টা ৪৭ মিনিট ২৭ সেকেন্ডে তা শেষ হবে।
আশা করা হচ্ছে, প্রতিবারের মতো এবারও দেশ-বিদেশের লাখো পূণ্যার্থীর পদভারে মুখরিত হয়ে উঠবে লাঙ্গলবন্দ।
লাঙ্গলবন্দ স্নান উদযাপন কমিটির সদস্য তারাপদ আচার্য জানান, অষ্টমী স্নান উপলক্ষ্যে ব্রহ্মপুত্র নদের কচুরী পানা পরিষ্কার করা হয়েছে। এবার ১৩টি ঘাটে পূণ্যার্থীরা স্নান সম্পন্ন করবেন। এছাড়া থাকছে স্নান সেরে কাপড় বদলানোর জন্য ১৪টি কক্ষ ও বিশুদ্ধ পানির জন্য ৫০টি নলকূপ, ৭০টি টয়লেট এবং ৩৫টি চিকিৎসা সেবাকেন্দ্র। বিনামূল্যে খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও ইতোমধ্যে ভারত, নেপাল, শ্রীলংকা, ভুটানসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক পূণ্যার্থী লাঙ্গলবন্দ আসতে শুরু করেছেন। এবার ৫ লক্ষাধিক পুণ্যার্থী এই স্নানে অংশ নেবেন বলে স্নান উদযাপন কমিটি আশা করছে।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, অষ্টমীর স্নান উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিতে এক হাজার দুইশ’ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া র্যাবের টহলও থাকবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে শতাধিক ট্রাফিক পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। ছিনতাই ও চাঁদাবাজি রোধে সাদা পোশাকে আরো দেড় শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে।
