সিরাজগঞ্জের সিভিল সার্জন ও এসডি
নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠার চার মাস পর সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নাজিম উদ্দিন খানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয় বলে জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবুল ফারেজ।
বুধবারের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে ডা. নাজিমকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করতে বলা হয়েছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন আরো বলেন, গত বছরের ১১ই ডিসেম্বর থেকে সিভিল সার্জন ডা. নাজিম উদ্দিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার পরিবর্তে তিনি (ডেপুটি সিভিল সার্জন আবুল ফারেজ) ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে সিভিল সার্জন অফিসের ১৮৩ জন কর্মচারী নিয়োগ চূড়ান্ত করা হয়। এ ঘটনার পর নয় কোটি টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠায় হিসাবরক্ষক রেজাউল ইসলামকে নগদ এক লাখ টাকা ও বেশকিছু নিয়োগপত্রসহ পুলিশ গ্রেপ্তার করে।
ঘুষ-লেনদেনের অভিযোগে নিয়োগ কমিটির প্রধান রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আশরাফুজ্জামান, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. নাজিম উদ্দিন খান, প্রশাসনিক কর্মকর্তা মুক্তার হোসেন, হিসাবরক্ষক রেজাউল ইসলাম, উচ্চমান সহকারী সাইফুল ইসলাম, অফিস সহকারী আব্দুল হালিম, পরিসংখ্যান সহকারী হুমায়ুন কবীরের বিরুদ্ধে নিয়োগ বঞ্চিতরা আটটি মামলা করেন।
পরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর নিয়োগের সকল কাযর্ক্রম স্থগিত করে বিষয়টির তদন্তে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে।
ঘুষ লেনদেনের বিষয়টি প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে উল্লেখ করে তদন্ত কমিটি মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করেছে।
