২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা গণভবনে ভাস্কর্য ভাংচুর, ৩ যুবক কারাগারে

প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় কার্যালয় নাটোরের উত্তরা গণভবনে একটি নারী ভাস্কর্য ভাংচুরের অভিযোগে গ্রেপ্তার তিন যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

নাটোর প্রতিনিধি

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 02:28 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মঙ্গলবার বিকালে এই তিনজনকে আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

গণপূর্ত বিভাগ ও নাটোর সদর থানা সূত্রে জানা যায়, কয়েকজন যুবক সোমবার বিকেলে দর্শনার্থী হিসেবে নাটোরের উত্তরা গণভবনের ভেতরে ঢুকে। পরে তারা মূল ভবনের ফটকে স্থাপিত একটি নারী ভাস্কর্য ভেঙে ফেলে। সিসিটিভিতে এই দৃশ্য দেখতে পেয়ে নিরাপত্তা কর্মীরা সেখানে ছুটে এসে যুবকদের আটক করে।

আটক তিন যুবক  হলো- নাটোরের বড়াইগ্রাম উপজেলার মশিন্দা গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে সুমন আলী (২৩), আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯) ও দুলাল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২০)।

খবর পেয়ে জেলা প্রশাসক মো. জাফরউল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ ঘটনাস্থলে ছুটে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক যুবকদের রাতেই নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার সকালে উত্তরা গণভবনের কেয়ারটেকার আবুল কাশেম বাদি হয়ে সদর থানায় ওই তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিকেল চারটায় ওই যুবকদের নাটোরের আমলী আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আদালতে নেওয়ার পথে অভিযুক্ত সুমন আলী দাবি করেছে, তারা গণভবনে ঘোরার সময় অসাবধানতাবশত ধাক্কা লেগে ভাস্কর্যটি পড়ে যায়। তারা সবাই স্নাতক শ্রেণির শিক্ষার্থী বলে সে জানায়।

মামলার তদন্ত কর্মকর্তা নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, দেশের প্রচলিত আইনে আটক হওয়া যুবকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে ঘটনাটি নাশকতামূলক ছিল কি না।