২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যা: স্বামী-ননদের যাবজ্জীবন

খুলনা জেলার দীঘলিয়া উপজেলায় এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী ও ননদের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 01:52 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

দণ্ডপ্রাপ্তরা হলেন- স্বামী আবু জাফর হাওলাদার ও ননদ শাহিনুর বেগম।

মঙ্গলবার খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আখতার হোসেন এই দণ্ডাদেশ দেন। মামলার রায়ে দেবর ফজলুল হক ও তার স্ত্রী পারুল বেগমকে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক জানান, ২০০৭ সালের ১ জানুয়ারি দীঘলিয়ার সেনহাটি গ্রামের গৃহবধূ তসলিমা বেগমকে নিজ ঘরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরদিন দীঘলিয়া থানার তৎকালীন ওসি নাসির আহমেদ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় নিহতের স্বামী আবু জাফর হাওলাদার, ননদ শাহিনুর বেগম, দেবর ফজলুল হক, দেবরের স্ত্রী পারুল বেগমকে আসামি করা হয়।

২০০৭ সালের ২২ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এই চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় ১৮ জন সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষ্য দেন । দীর্ঘ শুনানির পর মঙ্গলবার বিচারক রায় ঘোষণা করেন।

রায়ে স্বামী আবু জাফর হাওলাদারকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাদন্ড এবং ননদ শাহিনুরকে যাবজ্জীবন কারাদন্ড  ও ১০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও এক বছর কারাদন্ড দেয় আদালত।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট এনামুল হক। বাদি পক্ষে মামলা পরিচালনা করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।