২৮ জেলে হত্যার ঘটনায় এক যুবক গ্রেপ্তার
কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের পশ্চিমে জাহাজ খাঁড়িতে ২৮ জেলে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাঁশখালী থানার শেখেরখিল এলাকা থেকে আহমদ মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত ছমি উদ্দিনের ছেলে।
বাঁশখালী থানার ওসি কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৮ জেলে হত্যা ঘটনার সাথে জড়িত আহমদকে স্থানীয় জনগণের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে।
সে আরো কয়েকটি ডাকাতির মামলারও আসামি বলে জানান কামরুল।
গত ২৫ মার্চ বাঁশখালী গভীর সমুদ্রে তিনটি জেলে নৌকা ডাকাতের কবলে পড়ে। এসময় নৌকাগুলোর ৩৫ জেলেকে ধরে নিয়ে যায় ডাকাতরা। পরে সমুদ্র থেকে ২৮ জেলের লাশ উদ্ধার করে নৌবাহিনী ও কোস্টগার্ড।
এ ঘটনায় নিহত এক জেলের ভাই শাহাব উদ্দিন বাদি হয়ে কুতুবদিয়া থানায় একটি হত্যা মামলা করে।
