২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের অভ্যন্তরীণ সব রুটে বাস ধর্মঘট

বাস ও মাহেন্দ্র শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও গাড়ি ভাংচুরের জের ধরে গোপালগঞ্জের অভ্যন্তরীণ সব রুটে অনিদ্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 01:04 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মঙ্গলবার সকাল  থেকে গোপালগঞ্জ জেলা বাস ও মোটর শ্রমিক ঐক্য পরিষদ জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস ধর্মঘট শুরু করে।

এর আগে তারা রোববার সন্ধ্যা থেকে গোপালগঞ্জ-কোটালীপাড়া ও গোপালগঞ্জ -টুঙ্গিপাড়া  রুটে  বাস ধর্মঘট শুরু করে। ওই রুটগুলোতে তিনদিন ধরে বাস ধর্মঘট অব্যাহত রয়েছে।

সোমবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে সমঝোতা বৈঠক ফলপ্রসূ না হওয়ায় জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ জেলার অপর ৩টি রুটে মঙ্গলবার সকাল থেকে বাস ধর্মঘট শুরু করে।

ফলে জেলার অভ্যন্তরীণ সব রুটে (৫টি রুট)অনিদ্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হওয়ায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

ধর্মঘটের সমর্থনে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ মঙ্গলবার মিছিল ও সমাবেশ করেছে।

সমাবেশ থেকে ঐক্য পরিষদ নেতারা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন,  দোষীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার করা না হলে বুধবার থেকে ঢাকাগামী পরিবহন বন্ধ করে দেয়া হবে। বৃহস্পতিবার থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে দক্ষিণাঞ্চলে যান চলাচল অচল করে দেয়া হবে।

গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাঈদুর রহমান বাসু জানান, রোববার সকাল ১১ টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার নতুন বাজার এলাকায় বাস ও মাহেন্দ্রতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে মাহেন্দ্র গাড়ির শ্রমিকরা চারটি লোকাল বাস ভাংচুর ও চার চালককে মারধর করে।

এ ঘটনার জের ধরে বাস শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওই সড়কের ঘোনাপাড়া মোড়ে মাহেন্দ্র গাড়ি ভাংচুর করে। এ সময় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরপর সন্ধ্যায় বাস মালিক ও শ্রমিকরা ওই দুই রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।