২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উস্কানিতে কাজ হবে না: নাসিম

উস্কানি দিয়েও খালেদা জিয়া সশস্ত্র বাহিনীকে দিয়ে সংবিধান বিরোধী কাজ করাতে পারবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 12:25 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, “আপনার উস্কানি সেনাবাহিনী প্রত্যাখান করেছে। যতই উস্কানি দিন বা নৈরাজ্য সৃষ্টি করুন না কেন তাতে সেনাবাহিনী নাক গলাবে না।”

“বাংলাদেশের তিন বাহিনী প্রধানদের সোমবারের বক্তব্যে তা স্পষ্ট হয়েছে, তারা সংবিধানের বাইরে কোন পদক্ষেপ গ্রহণ করবেন না।”

বঙ্গবন্ধ একাডেমির ঢাকা মহানগর শাখা ফটিকছড়িতে জামায়াত-বিএনপি’র সশস্ত্র হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এই সমাবেশের আযোজন করে।

বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে নাসিম বলেন, Òবিএনপির অনেক নেতা গ্রেপ্তার হয়েছেন। আমরাও বিরোধী দলে থাকতে গ্রেপ্তার হয়েছিলাম। আমরা আইনের মাধ্যমে বেরিয়ে এসেছি। আমরা চাই না তারা জেলে থাকুক। তারা আমাদের বিরোধী দল হতে পারে কিন্তু আমাদের প্রতিপক্ষ নয়।”

তবে একমাত্র আইনি পন্থায় আটকরা মুক্তি পেতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

সংগঠনের উপদেষ্টা হাজি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সমাবেশে গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।