প্রাণিসম্পদ অধিদপ্তরের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জের প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের ঢাকা-১ এর উপ-সহকারী পরিচালক মো. ওয়াহিদুজ্জামান মঙ্গলবার রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামি হলেন সাভার পশুখাদ্য কারখানার প্রাণিসম্পদ কর্মকর্তা সৈয়দ আলী আজমল, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও কেন্দ্রীয় গো-প্রজনন কেন্দ্রের সাবেক পরিচালক (উৎপাদন) আশরাফ আলী ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক সুনীল চন্দ্র গায়েন।
মামলার বরাত দিয়ে আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাভারের বিশমাইল এলাকায় অবস্থিত পশুখাদ্য কারখানার কর্মকর্তা সৈয়দ আলী আজমলসহ ওই তিন কর্মকর্তা নিজ নিজ পদে থাকাকালে বিনা টেন্ডারে আইলা দুগর্ত এলাকায় তিন কোটি ৫০ লাখ ৪২ হাজার ৩২২ টাকার খাদ্য উপকরণ সরবরাহ করেন।
এছাড়া তারা সরবরাহের চেয়ে ১৭ লাখ ৩০ হাজার ৫০০ টাকার গোখাদ্য বেশি দেখিয়েছে।
এ বিষয়ে অভিযোগ উঠলে দুদকের একটি টিম তদন্ত করে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পায়। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্তে মামলাটি করা হয়।
