নওগাঁর আমজাদ হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
নওগাঁর রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন হত্যা মামলায় এক ভারতীয়সহ ১০ চরমপন্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী এ রায় দেন।
দণ্ডিতরা হলেন ভারতীয় নাগরিক রবিউল ইসলাম ওরফে রবি, মোস্তাফিজুর রহমান ওরফে রিপন, নজরুল ইসলাম মাস্টার, রাসেল ইসলাম ওরফে ডাবলু, মোনাক্কার হোসেন ওরফে শোটন, তুফান সোনার, আলম সর্দার, বাবর আলী, কামরুল ইসলাম ওরফে জ্যাক ও শাহিন ওরফে ফয়সাল।
এদের মধ্যে মোস্তাফিজুর, মোনাক্কার ও শাহিন পলাতক রয়েছে।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল হক বাবু বলেন, ২০০৩ সালের ২৩ জুন রাত ৮টার দিকে নওগাঁর রাণীনগর স্টেশনে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সদস্যরা আমজাদ হোসেন মাস্টারকে জবাই করে।
এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ২৪ আসামির মধ্যে ১৪ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
