মওদুদসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও মির্জা আব্বাসসহ ৪১ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে একবার গ্রেপ্তার হয়েছিলেন মওদুদ আহমদ।
৬ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশকে মারধর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পরদিন পল্টন থানায় দ্রুত বিচার আইনে এই মামলা করে পুলিশ। এজাহারে মওদুদ, মির্জা আব্বাসসহ ৪৪ জনকে আসামি করা হয়।
এরপর ২৩ মার্চ ৩ জনকে আসামির তালিকা থেকে বাদ দিয়ে ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মশিউর রহমান।
অভিযোগপত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লা বুলু, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকেও আসামি করা হয়।
মওদুদ, আব্বাস, আমান, আলাল, গয়েশ্বর, অ্যানি ও বুলু এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
বাকি ৩৪ জনকে গ্রেপ্তারের বিষয়ে ২৯ এপ্রিল আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে পুলিশকে।
বিএনপি নেতাদের পক্ষে সানাউল্লাহ মিয়া ও হোসেন আলী খান শুনানিতে অংশ নেন।
