কাঁটাতারের এপাড়ে কাঁদছেন বাবা, ওপাড়ে ছেলে
সীমান্তের এপাড়-ওপাড়ে লোকে লোকারণ্য, মাঝে কাঁটাতারের বেড়া। প্রিয়জনকে একনজর দেখা অার কুশল বিনিময়ের আকুতি। হঠাৎ ‘বাবা বাবা’ বলে চিৎকার করে কান্না। কাঁটাতারের এপাড়ে কাঁদছেন বাবা, আর ওপাড়ে তার সন্তান।
বাবা কাঁটাতারের বেড়ার মধ্যেই হাত ঢুকিয়ে দিলেন এই বুঝি সন্তানকে ছুঁতে পারবেন, সন্তানও হাত বাড়িয়েছে। কিন্তু কেউ কারো হাত ছুঁতে পারছে না।
নাতিকে দেখাচ্ছে ওপাড় থেকে, আর এপাড় থেকে বৃদ্ধ বাবা তার সন্তানের সন্তানকে মাথা ছুঁয়ে দেয়ার মত করে আশির্বাদ করছেন।
বৃদ্ধ যতীন্দ্র (৭০) জানালেন, তার ছেলে ইন্দ্র ১৫ বছর আগে দেশ ত্যাগ করে ভারতে পাড়ি জমায়। অতি আদরের সন্তানকে দেখার ব্যাকুলতায় প্রতি বছর পহেলা বৈশাখের অপেক্ষা করেন তিনি।এবার নাতিকে দেখলেনে। কিন্তু তারপরও মন অতৃপ্ত, কারণ তাকে ছুঁতে পারলেন না।
কষ্ট সংবরণ করে বললেন, “ছুয়াডাক একটু আদর করবা পারনুনি।”
বয়সের ভারে নুইয়ে পড়েছেন শুখিনি বেওয়া (৮০)। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় শেষবারের মত পা রেখেছিলেন ভারতের মাটিতে। সেই থেকে ভাই আর বোনদের কাছ থেকে বিছিন্ন। বছরের এই দিনটির জন্য আশায় দিন গুণতে থাকেন, দেখা হবে প্রিয় ভাইটির। ঘেমে একাকার তার সারা দেহ।
লাঠিতে ভর করে কাঁটাতারের এপাড় থেকেই ‘দাদা, দাদারে কুন্ঠে তুই’ বলে অনবরত ডাকছেন।
অনেকক্ষণ পরে কাঁটাতারের ওপাড় থেকে ৭০ এরও বেশি বয়সী ভাইটি চিৎকার করে বলছে- ‘দিদি মুই এইঠে’। সঙ্গে সঙ্গে কান্নার রোল পরে যায় কাঁটাতারের দুই পাড়েই।
হাত বাড়িয়ে পরস্পরকে ছুঁয়ে দেখতে চান চান দুই ভাইবোন। মনে হচ্ছিল কাঁটাতারের বেড়া বুঝি ছিড়ে ফেলবেন তারা। কাঁটাতারের বেড়া ধরে বার বার ঝাকি দিয়ে তারা দীর্ঘশ্বাস ফেলছেন।
বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছর এখানে বসে দুই বাংলার মানুষের মিলন মেলা।
তাই প্রতি বছর এদিনটির অপেক্ষায় থাকেন ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার মানুষ। এদিন ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি একটু সুযোগ করে দেয় দুই দেশে বসবাসকারী বাঙালিদের আত্মীয়-পরিজনদের দেখা সাক্ষাতের।
বছরের এই দিনটিকে ঘিরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা থেকে শুরু করে মাঝে রানীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী এবং পঞ্চগড় জেলার আটোয়ারী পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকাজুড়ে সীমান্তে দেশের বিভিন্ন জেলার মানুষের ঢল নামে।
কেউ কেউ আগের দিন চলে এসেছেন। আবার কেউ কেউ সাত সকালে রওয়ানা হয়েছেন আত্মীয় পরিজনদের সাথে দেখা করা আর কথা বলার জন্য।
বাংলাদেশের নাগর নদীর কুল ঘেষে এ সীমান্তে রাত থেকেই লোকজন আসতে থাকে। আত্মীয় পরিজনরা কুশল বিনিময় করে। কাঁটাতারের ওপর দিয়ে ছুড়ে দেয় খাবার, কাপড়সহ নানান রকম পন্য সামগ্রী ।
ভারতের ইসলামপুরে বসবাসকারী অরবিন্দ রায় বাংলাদেশে বসবাসরত মায়ের জন্য পাঠিয়েছেন একটি শাড়ি, কিছু ফলমুল, পানীয় আর রান্না করা খাবার। ছেলের কাছ থেকে উপহার পেয়ে মায়ের চোখে আনন্দাশ্রু। ব্যাগ খুলে ছেলের সামনেই চোখের জল মুছে খাবার খাচ্ছেন মা। আর কাঁটাতারের ওপাড়ে ছেলের চোখে আনন্দাশ্রু।
সোমবার দিনব্যাপী চলে এ মিলন মেলা। সীমান্তে বিজিবি ও বিএসএফ এর কড়া পাহাড়া।
“এত মায়া, এত ভালোবাসা কি আর সীমান্তের আইন দিয়ে ধরে রাখা যায়”, বললেন পঞ্চগড় থেকে আসা এক ব্যক্তি। তাদের দাবি, বছরে অন্তত কয়েকটি দিন সীমান্ত পাড়ের কাঁটাতার খুলে দিয়ে আত্মীয়-পরিজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা করলে দু-দেশের লোকজনের উপকার হতো।
বিকেলের দিকে কেউ বা হাসতে হাসতে, আবার কেউ কান্না ভেজা চোখে ফিরে যান যার যার ঘরে। আবার দেখা হবে আগামী পহেলা বৈশাখে এই আশা নিয়ে।
